প্রশাসক নিয়োগের বিধান নিয়ে সংসদে ক্ষোভ, হারুনের ওয়াকআউট

0

পৌরসভায় প্রশাসক নিয়োগের বিধান নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। এর বিরোধিতা করে তারা বলেছেন— এই বিধান অসাংবিধানিক। তবে তাদের বিরোধিতার মুখে মেয়াদোত্তীর্ণ পৌরসভায় সরকারি কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক নিয়োগের বিধান রেখেই পৌরসভা আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়েছে।

এতে সরকারের দেওয়া এ নির্দেশ পালনে ব্যর্থ হলে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে সেই কর্মকর্তাদের।

আজ বৃহস্পতিবার বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের ওয়াকআউটের মধ্য দিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইনের সংশোধনী পাস হয়। বিল পাসের আলোচনায় অংশ নিয়ে হারুন প্রশাসক নিয়োগের কারণ, সরকারের কোন কোন নির্দেশ পালন করতে হবে- এ বিষয়গুলোর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, এসবের ব্যাখ্যা না পেলে তিনি ওয়াকআউট করবেন। পরে বিলটি পাসের সময় তিনি সংসদকক্ষ থেকে ওয়াকআউট করেন।

এর আগে হারুন বলেন, এখন আওয়ামী লীগের দলীয় কর্মসূচি পালন করছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। জনগণকে সেই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। ভিন্নমতের কেউ তাদের সেই কর্মসূচিতে না গেলে তাদের সরিয়ে দেওয়ায় উদ্দেশেই এ আইন করা হচ্ছে। এই আইনে অবশ্যই স্পষ্ট করতে হবে সরকারের কোন কোন নির্দেশ পালন করতে হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সংবিধানে বলা হয়েছে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা স্থানীয় সরকার পরিচালিত হবে। কিন্তু প্রশাসক নিয়োগের বিধান সংবিধানের কোথায় রয়েছে, দেখিয়ে দিতে হবে। এই আই সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, যে স্থানে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, কিন্তু সে স্থানে যদি অনির্বাচিত কেউ বসে তাহলে কি এই আইন সংবিধানের পরিপন্থী হবে না? তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত বিধায় এটি বাদ দেওয়া হয়েছে। সেখানে কেন স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিকে বসানো হবে, এর ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

বিরোধী দলের সংসদ সদস্যদের এমন বক্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রশাসক নিয়োগের বিধান রাখার বিষয়টি যৌক্তিক। বিভিন্ন কারণে অনেক সময় নির্বাচন করা নিয়ে আইনগত জটিলতা তৈরি হয়। অনেকে এর সুযোগ নিয়ে থাকেন। তাই এই আইন করা হয়েছে, যাতে অযোগ্য কেউ কোনোভাবে সুযোগ নিতে না পারে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে নতুন পৌরসভা গঠনের পর সেখানে প্রশাসক বসানোর সুযোগ ছিল। কিন্তু নতুন আইনে মেয়াদোত্তীর্ণ পৌরসভায় প্রশাসক বসানো এবং সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়ার সুযোগ রেখে আইন পাস করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.