Tuesday, September 29

প্রেমের দাবিতে রাবিতে বিক্ষোভ!

0

আজ বুধবার বেলা ১১টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে ৫০ থেকে ৬০ জন তরুণ একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের দিকে এগিয়ে আসছে। মিছিলে তাদের ব্যানারে লেখা ‘প্রেম বঞ্চিত সংঘ’! সবার কণ্ঠে স্লোগান।

মিছিলের দিকে তাকিয়ে আশপাশের সবাই হাসছে! কেউ আবার দৌঁড়ে এসে মিছিলে যোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া ঘুরে মিছিলটি প্যারিস রোডে পৌঁছাতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলে লোকসংখ্যা প্রায় চারশতে পৌঁছায়।

বিশ্ব ভালোবাসা দিবসে এভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত শিক্ষার্থীদের একটি দল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিলটি বের করে।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘ’ ব্যানার নিয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ কর’ এ রকম নানা হাস্যরসাত্মক স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তুলে।

সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা বক্তব্য দিতে গিয়ে অভিযোগ করে বলেন, কিছু তরুণ-তরুণী ও যুবক-যুবতী একই সঙ্গে তিন-চারটি প্রেমের সম্পর্ক করছেন। ছেলেরা মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিচ্ছে। তবু মেয়েরা বুঝতে পারছে না। কিন্তু সত্যিকার প্রেমিক হিসেবে তারা পছন্দের মেয়েদের প্রেমের পয়গাম নিয়ে গেলে কোনো কিছু না ভেবে, না বুঝেই মেয়েরা প্রত্যাখ্যান করে দিচ্ছে।

তাঁরা আরো অভিযোগ করে বলেন, পারিবারিক অস্বচ্ছলতার কারণে তাদের মোটরসাইকেল না থাকায় এবং মেয়েদের পেছনে সাধ্যমতো অর্থ ব্যয় করতে সমর্থ না হওয়ায়, স্নাতক শেষের পথেও তারা আজ প্রেম বঞ্চিত।

তাঁদের দাবি, প্রেম মৌল মানবিক চাহিদা। প্রেমের ক্ষেত্রে সবার অধিকার সমান হওয়া উচিত। এটা বোঝার জন্য সব মেয়ের প্রতি আহ্বান জানায় তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.