ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা জানালেন মেয়ে

0

শনিবার (১ জানুয়ারি) ভোরে দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে আইসিইউতে রাখা হলেও অবস্থা স্থিতিশীল হওয়ায় এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শিল্পীর মেয়ে জিহান ফারিহা গণমাধ্যমে জানিয়েছেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। তবে এখন মায়ের তেমন কোনো জটিলতা নেই। দ্রুতই তাকে বাসায় নেওয়া হবে।’

এর আগে, ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নুমানি ফেসবুকে লিখেছিলেন— আমার আম্মা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। ফুসফুসে কিছুটা পানি জমেছে এবং নিউমোনিয়ার সংক্রমণও দেখা দিয়েছে। তবে হাসপাতালে ভর্তির পর থেকে তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে পর্যবেক্ষণে আছেন। আমরা ছেলে-মেয়েরা সার্বক্ষণিক তার পাশে রয়েছি।

তার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন বর্তমানে বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে আছেন। ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। ২০০৮ সালে তিনি জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে ভূষিত হন। এছাড়া, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা নির্বাচিত হন। সংগীত অঙ্গনে তার অনন্য অবদানের জন্য দেশের গুণীজন ও ভক্তরা দ্রুত সুস্থতার কামনা করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.