ফিতরা সর্বনিম্ন ৬৫ এবং সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা নির্ধারণ

0

এ বছর ঈদুল ফিতরে জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৬৫ এবং সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা । গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান।

সভায় জানানো হয়, ইসলামী শরিয়াহ মতে আটা, খেজুর, কিশমিশ, পনির বা যবের মধ্যে যেকোনোটা দিয়ে ফিতরা আদায় করা যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৬৫ টাকা আদায় করতে হবে। যব দিয়ে ফিতরা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৬০ টাকা আদায় করতে হবে। কিশমিশ দিয়ে ফিতরা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ২৫০ টাকা আদায় করতে হবে। খেজুর দিয়ে ফিতরা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা আদায় করতে হবে। পনির দিয়ে ফিতরা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৯৮০ টাকা আদায় করতে হবে।

মাওলানা মো. মিজানুর রহমান বলেন, ‘নিজ নিজ সামর্থ্য অনুসারে এসব পণ্যের যেকোনো একটি দিয়ে অথবা সমপরিমাণ দাম দিয়ে ফিতরা আদায় করা যাবে। তবে খুচরা বাজারে এসব পণ্যের দামে তারতম্য থাকতে পারে। ’

ইসলাম ধর্ম মতে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই। গত বছরও সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬৫ টাকা; তার আগের বছর ছিল ৬০ টাকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.