Sunday, October 25

বর্ষসেরার খেতাব নিয়ে ট্রাম্প-টাইমের কাদা ছোড়াছুড়ি!

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাঁকে নাকি ‘বর্ষসেরা পুরুষ’ উপাধি দিতে চেয়েছিল জনপ্রিয় মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। তবে সেটাকে ‘সুবিধার নয়’ বলে পায়ে ঠেলেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এমনটাই জানিয়েছেন ট্রাম্প।

তবে পাল্টা টুইটে এর জবাব দিয়েছে টাইম। তাঁদের দাবি, ট্রাম্প সত্য বলছেন না।

নিজের টুইটে ট্রাম্প লেখেন, “গত বছরের মতো এবারেও আমি বর্ষসেরা পুরুষের খেতাব পেতে পারি বলে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আমাকে জানানো হয়। কিন্তু তার জন্য আমাকে একটি সাক্ষাৎকার ও ফটো শুটের জন্য রাজি হতে হবে। আমি জানাই, ‘পেতে পারি’ শব্দটি ভালো শোনায় না এবং রাজি না থাকার কথা জানাই। যাই হোক ধন্যবাদ।”

এ বিষয়ে টাইম বলছে, ট্রাম্প একেবারেই ঠিক বলছেন না। কারণ বর্ষসেরার তালিকা প্রকাশ না করা পর্যন্ত কাউকেই তা জানানো হয় না। আর এ বছরের বর্ষসেরা পুরুষের নাম জানতে সবাইকে অপেক্ষা করতে হবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

অবশ্য এ বছরের বর্ষসেরা হওয়া না হওয়া নিয়ে এই কথার কাদা ছোড়াছুড়ি হলেও গত বছর এই খেতাবটি কিন্তু ট্রাম্পই জিতেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ হিলারি ক্লিনটনকে পরাজিত করার মধ্য দিয়ে সেবার বিশ্ববাসীর নজর কাড়েন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.