বাজারে বেড়েছে ডালের দাম

0

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে । এরই ধারাবাহিকতায় এবার সরবরাহের সংকটের অজুহাতে সব ধরনের ডালের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

সবচেয়ে বেশি বেড়েছে মুগ ডালের দাম। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা। আর মসুর ডালের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত।

পুরান ঢাকার মৌলভীবাজারে এক মাস আগেও প্রতি কেজি মোটা দানার মসুর ডাল ৮৮-৯০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের মসুর ডালের দাম এক মাস আগে ছিল ১২০-১২৩ টাকা, এখন তা ১২৮-১২৯ টাকা। আর মুগ ডালের দাম ছিল ৯০-১০২ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।

দেশে ডালের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ টন। এর মধ্যে ৯ লাখ টনের কাছাকাছি দেশে উৎপাদিত হয়। বাকি ডাল ভারত, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। ডাল ব্যবসার সিংহভাগই নিয়ন্ত্রণ করে বড় করপোরেট কোম্পানিগুলো। আন্তর্জাতিক বাজার থেকে ডালের গোটা আমদানি করে নিজস্ব মিলে ভেঙে তারা যে দামে বিক্রি করে, সে অনুযায়ীই বাজারদর নির্ধারিত হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, ডলারের মূল্যবৃদ্ধি ও সংকট থাকায় ডাল আমদানি কম হচ্ছে। আমদানি কম হলেও দুই মাস ধরে ডালের বাজার স্থিতিশীল আছে বলে দাবি তাদের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.