Tuesday, September 22

বারী সিদ্দিকী আর নেই, চিরনিদ্রায় শায়িত হবেন নেত্রকোনা

0

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছেন বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী। তিনি জানান, হাসপাতাল থেকে সকাল ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির বাড়িতে তাঁর মরদেহ নেওয়া হয়।

সাব্বির আরো জানান, দুপুর ১২টার আগেই ঢাকায় দুটি জানাজা হবে। তিনি বলেন, ‘প্রথম জানাজা হবে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর দ্বিতীয় জানাজা হবে সাড়ে ১০টায় উনার কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে।’

তৃতীয় জানাজা হবে শিল্পী যে কলেজে পড়েছেন, নেত্রকোনার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে। শিল্পীর ছেলে সাব্বির বলেন, ‘তিনি চিরনিদ্রায় শায়িত হবেন নেত্রকোনা। ময়মনসিংহ থেকে ৩০ কিলোমিটার দূরে, উনার বাউলবাড়িতে।’

ছেলে আরো জানান, বাবার হুকুম ছিল যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে যেন নেত্রকোনায় নেওয়া হয়।

গত সপ্তাহের শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এর পর তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে এর আগে থেকেই তিনি কিডনি রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাব্বির সিদ্দিকী।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে তিনটি গান গেয়ে আলোচনায় আসেন বারী সিদ্দিকী। এরই মধ্যে তাঁর বেশ কিছু গান জনপ্রিয়তা লাভ করে। ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘মানুষ ধরো মানুষ ভজো, ‘পুবালি বাতাসে’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.