বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি শুরু

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে দলের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারর হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আজকের এ গণস্বক্ষর কর্মসূচি চলবে দেশব্যাপী। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাক্ষর করতে পারবেন।

এদিকে ঢাকা ছাড়াও সারা দেশের জেলা, মহানগর ও উপজেলায় একসঙ্গে এ কর্মসূচি পালিত হচ্ছে।

বিএনপির এ কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, বিএনপি কার্যালয়ের সামনে এমনিতে পুলিশ দায়িত্ব পালন করে। তা ছাড়া কোনো কর্মসূচি থাকলে এমনিতেই একটু বেশি পুলিশ দায়িত্ব পালন করে। আজও তার ব্যতিক্রম নয়। কারণ আমাদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেটি করব।

জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পয় এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির এ ৫ দিনের কর্মসূচি পালন ছাড়াও বিদেশি কূটনৈতিক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী ২০ দলীয় জোটসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন দলের জ্যৈষ্ঠ নেতারা।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.