বিএনপি পরিবারতন্ত্র লালন করে: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পরিবারতন্ত্রের প্রধান পৃষ্টপোষক এবং তারা পরিবারতন্ত্র লালন করে। আওয়ামী লীগে পরিবারতন্ত্র চলছে– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘পরিবারতন্ত্রের মধ্যে বসে তিনি যে কথা বলেছেন, এটি তার দলের বেলায়ই প্রযোজ্য।’
রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। খবর বাসসের

সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে কোন যোগ্যতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, তিনি কি আগে কখনো রাজনীতি করেছেন? নাকি সাদেক হোসেন খোকার ছেলে বলেই তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন বিএনপির চেয়ারপারসন হচ্ছেন খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছেন তারই পুত্র তারেক রহমান। দু’জনই দণ্ডপ্রাপ্ত আসামি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন, তা তাদের বেলায় প্রযোজ্য। আমাদের দলে কখনো পারিবারিক কারণে কোনো পদ দেওয়া হয় না।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামালের পরিবেশ নিয়ে করা এক বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘আমি সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি সবসময় কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। যেভাবে ঢালাওভাবে কথাগুলো বলেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বর্তমান সময়ে বাংলাদেশের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা পরিচালিত জরিপের ডাটা দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এগুলোর দিকে তাকালে তিনি নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন এবং বক্তব্যের জন্য লজ্জা পাবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.