Wednesday, November 4

বিকেলে গ্রেফতার, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের মহেশপুর সড়কের হাওয়ারভাঙ্গা সেতুর কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত জাবেদ মিয়া (৪০) একই ইউনিয়নের দক্ষিণ-পূর্বপাড়া এলাকার ইদন মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার দাবি করেন, গতকাল রোববার বিকেলে উপজেলার দক্ষিণ কাইতলা এলাকা থেকে জাবেদকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তিনি জানান, তাঁর কাছে অস্ত্র রয়েছে।

পরে জাবেদকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য হাওরভাঙা এলাকায় যায়। এ সময় তাঁর সঙ্গীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুরুতর আহত হন জাবেদ। আহত অবস্থায় তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের আরো দাবি, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইহসানুল হাসান, অসীম চন্দ্র ধর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম এবং কনস্টেবল নাজমুল হোসন ও পারভেজ। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জাবেদ মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.