গোটা বলিউডের টক অব দ্য টাউন মালাইকা-অর্জুনের বিচ্ছেদের গুঞ্জন। শোনা গিয়েছিল বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন এই তারকা জুটি। তবে সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং অর্জুন। বিচ্ছেদের জল্পনা যে সম্পূর্ণ ভিত্তিহীন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেকথা জানালেন এই অভিনেতা।
বি টাউনের একাংশের দাবি, প্রায় ছয়দিন নাকি বাড়ি থেকে একবারের জন্য বের হতে দেখা যায়নি মালাইকাকে। নিজের প্রিয় কুকুরকে নিয়েও বাড়ির বাইরে বেরোচ্ছেন না অভিনেত্রী। এমনকি অর্জুন কাপুরকেও মালাইকার বাড়িতে দেখা যায়নি।
এ ছাড়া মালাইকার বাড়ির কাছে অর্জুনের বোন রিয়ার বাড়ি। সেখানে নৈশভোজের নিমন্ত্রণ ছিল অভিনেতার। রিয়ার বাড়িতে একাই গিয়েছিলেন অর্জুন। পারিবারিক নৈশভোজে দেখা যায়নি এই অভিনেত্রীকে। এমনকি নৈশভোজের পর মালাইকার বাড়িতেও যেতে দেখা যায়নি অর্জুনকে। এরপরই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।
তবে অনেকেই বলেছেন, বিচ্ছেদের গুঞ্জন একেবারেই ভিত্তিহীন। মাত্র কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। বেশ কিছুদিন হোম আইসোলেশনেও থাকতে হয়েছে তাকে। সে কারণেই আপাতত কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছেন দুজনে। তাদের সম্পর্কের উষ্ণতা রয়েছে একই রকম।
মালাইকার থেকে প্রায় ১১ বছরের ছোট অর্জুন। তবে বয়স যে স্রেফ সংখ্যা ছাড়া কিছুই না, তা আরও একবার প্রমাণ করেন মালাইকা ও অর্জুন। বি টাউন যখন বিচ্ছেদের গুঞ্জনে ভরপুর তখন মুখ খুললেন খোদ অর্জুন কাপুর। ইনস্টাগ্রামে দুজনের ছবি শেয়ার করেন তিনি। আর ক্যাপশনের মাধ্যমেই বুঝিয়ে দেন, বিচ্ছেদের কোনো প্রশ্নই নেই। সম্পর্ক রয়েছে একই রকম।