রাজধানীর বাজারগুলোতে লাগামহীনভাবে বেড়েই চলছে পেঁয়াজের দাম। এক মাসের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। আগে ভারত থেকে যে দামে পেঁয়াজ আমদানি করা যেতো, এখন সেই পেঁয়াজ আমদানি করতে প্রায় দ্বিগুণ খরচ পড়ছে। ফলে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে।
আর আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের ওপর। বড় ব্যবসায়ীরা সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফার জন্য দেশি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। তিন দিনের টানা বৃষ্টি তাদের দাম বাড়ানোর পথ সুগম করে দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বড় ব্যবসায়ীরা বৃষ্টির অজুহাতে দেশি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। তাদের অজুহাত বৃষ্টিতে কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে এবং কিছু খেতও নষ্ট হয়েছে। তবে বাস্তবতা হলো বৃষ্টিতে পেঁয়াজের তেমন কোনো ক্ষতি হয়নি। মূলত আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার কারণে অতিরিক্ত মুনাফার লোভে বড় ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।
বিভিন্ন বাজারে দেখা গেছে, বাজার ও মান ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৫৫ টাকা কেজি। অর্থৎ এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকার ওপর। আর এক মাসের হিসেবে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। সেপ্টেম্বরের শেষের দিকেও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।
এ দিকে আমদানি করা পেঁয়াজের মধ্যে খোসা ওঠা বড় আকারের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও এই পেঁয়াজের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আর সেপ্টেম্বর মাসে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।