অবসর পেলেই দুই ছেলে রিহান আর রিদানকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চলে যান বলিউড অভিনেতা হৃতিক রোশন। এখনো তাঁরা ভ্রমণে আছেন। বাপ-ছেলেরা মিলে যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু দেখতে দেখতে কবে যে দুই ছেলে এত বড় হয়ে গেল, হৃতিক তা টেরই পাননি। তাঁর দুই ছেলে মিলে বাবাকে বোকা বানানোর বুদ্ধিও ফাঁদে মাঝেমধ্যে।
হৃতিকের বড় ছেলে রিহানের বয়স ১১, আর ছোট ছেলে রিদানের ৯। কিন্তু বাবাকে পটিয়ে এখন তারা নানা জিনিস আদায় করা শিখে গেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে মজার একটি ছবি প্রকাশ করেছেন হৃতিক। ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের এক নারী সদস্যের সঙ্গে দুই ছেলেকে নিয়ে বসে আছেন হৃতিক। বড় ছেলে কী যেন বলছে তার ছোট ভাই রিদানকে। আর রিহানের দিকে তাজ্জব দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা হৃতিক রোশন।
তখন আসলে কী কথা হচ্ছিল তাঁদের মধ্যে? ছবির ক্যাপশনে হৃতিক তাদের কথোপকথনের কিছু অংশ অবশ্য তুলে ধরেছেন।
রিহান তখন তার ছোট ভাইকে বলছিল, ‘আরে চিন্তার কোনো কারণ নেই, বাবা রাজি আছে। আমি এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছি।’
আর এ কথা শুনে হৃতিক অবাক। কারণ, এমন কোনো কথাই হয়নি তাঁর ছেলের সঙ্গে। আসলেই ছেলেরা তাঁর বড় হয়ে গেছে। কীভাবে কাজ আদায় করতে হবে শিখে গেছে তারা।
২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। সংসার ভেঙে গেলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন। সন্তানদের নিয়ে প্রায়ই তাঁরা বেড়াতে যান। মা-বাবার আলাদা হওয়ার প্রভাব সন্তানদের ওপর একেবারেই পড়তে দিতে চান না এই সাবেক দম্পতি। ইন্ডিয়া টুডে।