ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে গত দুই সপ্তাহে মস্তিষ্কে প্রদাহজনিত রোগে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
শ্রী কৃষ্ণ মেডিকেল হাসপাতালের সুপারিন্ট্যান্ট জানান, শুধু তাদের হাসপাতালেই মারা গেছে ৮৩ শিশু। এ ভাইরাস নিয়ে আরও তিন শতাধিক রোগী হাসপাতালটিতে ভর্তি আছে।
অতিরিক্ত গরমে শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকরা ধারণা করছেন। খবর এনডিটিভির।
অ্যাকিউট এনসিফালাইটিস সিন্ড্রোমে (এইসি) মস্তিষ্কে প্রদাহ শুরু হয়, জ্বর হয় এবং একটা সময় রোগী কোমায় চলে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, পানি ও পুষ্টির অভাবে এ রোগ হয়ে থাকতে পারে। এর আগে ২০১৩ সালে ভারতের উত্তরপ্রদেশে এই রোগে ৩৫১ জন মারা গিয়েছিল। সেবা সময়ও মৃত্যুর কারণ হিসেবে লিচুর কথা উঠে এসেছিল জোরেশোরে।
এবারের ঘটনা প্রসঙ্গে বিহারের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত একিউট এনসেফালিটিস সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এ পর্যন্ত শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
বিহারের স্বাস্থ্য মন্ত্রণালয় একই সঙ্গে দাবদাহে আক্রান্ত মানুষদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে। গত শনিবার প্রচণ্ড দাবদাহে এ রাজ্যে ৪০ জন প্রাণ হারান।