মশার উপদ্রব না কমালে ভোট খেয়ে ফেলবে-প্রধানমন্ত্রী

0

 নির্বাচিত মেয়রদেরকে মনোযোগ দিয়ে কাজ করার জন্য পরামর্শ দিতে যেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মশার উপদ্রব কমাবেন। ক্ষুদ্র প্রাণী হলেও মশা কিন্তু খুব শক্তিশালী প্রাণী। মশাকে নিয়ন্ত্রণে রাখবেন। তা না হলে মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে দুই মেয়রকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
শেখ হাসিনা বলেন, কাজের ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এর পরেও যদি কেউ দুর্নীতি করে, কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না। সে যেই হোক, আমি কিন্তু কোনো ছাড় দেবে না।
প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকারগুলোকে আমরা আরও শক্তিশালী করতে চাই। সেখানে পর্যাপ্ত পরিমাণ বাজেট দেয়া হচ্ছে। উন্নয়নের জন্য আমরা শুধু শহর নয় গ্রামের উন্নয়ন করতে চাই। এজন্য আমরা আলাদা আলাদা বাজেট ঘোষণা করছি। একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে ভোট দিয়েছে, আবার কেউ আপনাকে ভোট দেয় নাই। যখন আপনি নির্বাচিত হয়েছেন তখন মনে করবেন আপনি সকলের প্রতিনিধি। এটাই গণতন্ত্রের নিয়ম। এটা মাথায় রেখে সকলের উন্নয়নে আপনাকে কাজ করতে হবে। কেউ যেন বঞ্চিত না হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.