Tuesday, September 22

মহানবীকে (সা.) নিয়ে গান বাঁধলেন আরব পপ তারকা

0

গত সেপ্টেম্বরে আমাল হিজাজি যখন ঘোষণা দিলেন যে তিনি তার সংগীতের ক্যারিয়ার থেকে অবসরে যাচ্ছেন, সেটা তাঁর ভক্তদের জন্য ছিল এক বিরাট ধাক্কা। আমাল তখন বলেছিলেন, আল্লাহ তার প্রার্থনায় সাড়া দিয়েছেন। তিনি ইসলামের মধ্যেই তার সুখ-শান্তি খুঁজে পেয়েছেন।
আমাল হিজাজি যখন তার গান-বাজনা ছেড়ে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে জীবন-যাপন শুরু করলেন, তাঁর ভক্তরা অবাক হয়েছিলেন তখন।

কিন্তু তিন মাসের মাথায় তিনি আবার ফিরে এসেছেন গানের জগতে। তবে একেবারে নতুন রূপে এবং ভিন্ন ধরনের গান নিয়ে। ঈদে মিলাদুন্নবীতে (সা.) তাঁকে নিয়েই একটি গান গেয়েছেন তিনি। লেবাননের শিল্পী আমাল হিজাজি আরব দুনিয়ার জনপ্রিয় পপ তারকাদের একজন।

২০০১ সালে তাঁর প্রথম পপ রেকর্ড বাজারে আসে। পরের বছর দ্বিতীয় অ্যালবামেই তিনি এক সফল সংগীত তারকায় পরিণত হন। এক দশকের মধ্যেই আমাল হিজাজি হয়ে ওঠেন আরব বিশ্বের জনপ্রিয়তম সংগীত তারকা।

২০০২ সালে আমাল হিজাজির অ্যালবাম ‘জামান’ বাজারে আসে। এটিকে বিবেচনা করা হয় আরবি পপ সংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম।

গত সেপ্টেম্বরে আমাল হিজাজি তাঁর এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি সংগীত জগত ছেড়ে যাচ্ছেন।

তখন তিনি তাঁর হিজাব পরিহিত একটি ছবিও পোস্ট করেন। এতে তিনি লেখেন, ‘যে শিল্প আমি ভালোবাসি এবং যে ধর্মের নৈকট্যকে আমি লালন করি, এই দুটি নিয়ে আমাকে অনেক দিন ধরেই বোঝাপড়া করতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন। ‘

ঈদে মিলাদুন্নবীতে (সা.) তাঁকে নিয়ে আমাল হিজাজি যে গানটি গেয়েছেন, সেটি তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইতিমধ্যে ৮০ লাখ ভক্ত তাঁর এই গানটি শুনেছেন এবং আড়াই লাখের বেশি মানুষ এটি শেয়ার করেছেন।

তবে আমাল হিজাজির এই নতুন রূপ এবং নতুন গান নিয়ে তুমুল বিতর্কও চলছে।

যেভাবে তিনি হিজাব পরেছেন, তার যে সাজ-সজ্জা, সেটা কতটা ইসলামসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ইসলামে এভাবে মহিলাদের গান করার বিধান আছে কিনা সেটা জানতে চেয়েছেন অনেকে।

আবু মুহাম্মদ আল আসতাল নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘তিনি যা করছেন তা ইসলামসম্মত নয়। ‘

জেইনাব মুসেলমানি লিখেছেন, ‘আল্লাহ যা হারাম বলেছেন, সেটা প্রশংসা দয়া করে বন্ধ করুন। তার প্রশংসা বন্ধ করুন, তাকে বরং পথ দেখান। ধর্মটা কেন অনেকের কাছে রসিকতার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে?’

তবে অনেক ভক্ত আবার আমাল হিজাজির প্রশংসা করেছেন।

দিনা মিশিক নামে একজন লিখেছেন, ‘যে মহিলা কিনা ধর্মে যা নিষিদ্ধ তা করা বন্ধ করেছে, হিজাব পরা শুরু করেছে এবং নবীর জন্য গান করছে, তোমরা কিভাবে তার সমালোচনা কর। ‘ বিবিসি বাংলার খবর

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.