মিনার মাঠে আজ, পবিত্র হজ কাল

0

মিনার মাঠে মাত্র ৬০ হাজার হজযাত্রীর পদচারণার মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর হজ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার।

দীর্ঘ ৯০ বছরের ইতিহাসে পর পর মহামারি করোনার কারণে দ্বিতীয়বার সৌদি আরবের বাইরের কোন দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। সৌদি আরবে হিজরি মাস গণনা অনুযায়ী আজ ৮ জিলহজ। মক্কার অদূরে মিনার তাবুতে হাজীদের অবস্থানের দিন। আগামীকাল ৯ জিলহজ সোমবার মিনা থেকে গিয়ে আরাফাতের ময়দানে অবস্থানের দিন অর্থাৎ হজের দিন। মিনা থেকে হাজীরা আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেবেন। ইসলামী শরীয়ত মোতাবেক ৯ জিলহজ ভোর থেকে সন্ধ্যা আরাফাতের ময়দানে অবস্থান করার নামই হজ। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ। এখানে কেউ অবস্থান না করলে তার হজ আদায় হবে না। মিনার মাঠে প্রতিটি খিমায় বা তাঁবুতে আগে যেখানে ৮/১০ জন অবস্থান করতেন, এবার সেখানে ৩ থেকে বড়জোর ৫ জন অবস্থান করার সুযোগ পাবেন।

এবার হজে অংশ নিতে আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৫৮ হাজার। আর এর মধ্য থেকে সুযোগ পেয়েছেন মাত্র ৬০ হাজার মুসল্লি। হজের অনুমতি পাওয়া সবাই কোভিড-১৯ টিকার দু’টি ডোজই নিয়েছেন। বড় ধরনের স্বাস্থ্য জটিলতা নেই-এমন মুসল্লিরা- সুযোগ পেয়েছেন তাদের সবার বয়স ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত।

গত কয়েক বছর ধরে বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখ মুসলিম হজ পালন করেছেন। গত বছর থেকে সে চিত্র পাল্টে গেছে। এবার বিভিন্ন স্থানে হাজীদের সেবা দিতে ৪৫টি স্ট্রোক সেন্টার থাকবে। জাবালে রহমত এলাকায় ২৩টি ও মিনা প্রান্তরে থাকবে ২২টি। এছাড়াও ৪২টি নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকবে। হজের স্থানগুলোতে চিকিৎসাসেবা দিতে কাজ করবে ৩২টি চিকিৎসক দল ও ৩৬টি এ্যাম্বুলেন্স।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.