ফিলিস্তিনের নিরাপরাধ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের হত্যার দায় যাঁর ওপর বর্তায়, ভারত সফরে আসার পর ইসরায়েলি সেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করলেন না বলিউডের তিন মহাতারকা- শাহরুখ খান, আমির খান এবং সালমান খান। মুসলিম মিরর এই তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার ‘শ্যালম (এটি মূলত ইহুদিদের একটি অনুষ্ঠান, এর অর্থ ‘শান্তি’) বলিউড ইভনিং’-এ এই তারকাদের সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজের ব্যবস্থা ছিল দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে।
উল্লেখ্য, ছয় দিনের সফরে গত সোমবার ভারতে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিগ বি অমিতাভ বচ্চন সপরিবারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেও তাঁর সাথে সাক্ষাতে বিরত থাকেন তিন খান।
তিন খানের এই্ সিদ্ধান্তের জন্য তাঁদের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁরা তাদের সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে এদের ‘আসল নায়ক’ বলেও অভিহিত করেন।
তবে, কোনো কোনো মিডিয়া বলছে, বেনিয়ামিন নেতানিয়াহু একজন ইহুদি বলেই এবং ‘শ্যালম’ একটি ইহুদি-নির্ভর নৈশভোজ ছিল বিধায় তাতে অংশ নেননি ওই তিন তারকা। আবার কেউ কেউ এই সিদ্ধান্তকে ‘দেশদ্রোহিতা’ও বলেছেন।