সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ।
আজ বুধবার (১৪/৭/২০২১) বারিধারা প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীর এই দিনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে দলের নতুন কমিটি ঘোষণা করেন এরশাদ পুত্র শাহতা জারাব এরিক। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।
নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা সিদ্দিক ও এরশাদের আরেক পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে।
এরিক বলেন, “আমার বাবা যখন অসুস্থ, তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের চেয়ারম্যান পদ লিখেয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছে আমরা তাকে মানি না।”
এর প্রতিক্রিয়ায় এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেছেন, রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে, তবে একসাথে দুটি দল করা যায় না, আর নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধনও নিতে হয়। “কে, কাকে, কী ঘোষণা দিয়েছে তা জানি না। যে কেউ যে কোনো ঘোষণা দিতে পারে।”