জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ পুলিশি হামলার মুখে পণ্ড হয়ে গেছে।
আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শত শত নেতাকর্মী মিছিল শুরু করলে পেছনে পেছনে ছিলেন পুলিশের সদস্যরা। মিছিলে বাধা না দিলেও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ শুরু করার পর পরই পুলিশ আচমকা একপাশে লাঠিপেটা শুরু করে বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন।
এতে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়, নেতাকর্মীরা দৌড়ে যে যার মতো আশপাশের গলিতে ঢুকে পড়েন। নেতাদের অনেকেই সমাবেশস্থল ত্যাগ করেন, কেউ কেউ দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে অবস্থান নেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, ধাওয়া দিয়ে পুলিশ এ মিছিলের শেষ পর্যায়ে নয়া পল্টন এলকা থেকে ৪ জনকে আটক করে।
এ বিষয়ে রমনা জোনের পুলিশের উপ কমিশনার শিবলী নোমান বলেন, মিছিল শেষে জোনাকী সিনেমা হলের গলিতে দৌড় দেয় কয়েকজন। এসময় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের আটক করে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আবদুস সালাম, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন।
বাদ জুমা শত শত নেতাকর্মী বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু করে। মিছিল থেকে নেতাকর্মীরা ‘আমার নেত্রী আমার মা বন্দি হতে দেবো না’, ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব’, ‘খালেদা জিয়া জেলে কেন, সরকার জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়। মিছিলের পেছনে ছিল প্রচুর পুলিশ। মিছিলটি দৈনিক বাংলা, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় সেখানে পুলিশের একটি জলকামানও আনা হয়।
সংক্ষিপ্ত সমাবেশ শুরুর পর পরই পুলিশ একদিক থেকে ধাওয়া দেয় বলে নেতাকর্মীরা অভিযোগ করে। এ সময় লাঠিপেটাও করা হয়। নেতাকর্মীরা দৌড়ে গলির ভেতর ঢুকে পড়লে পুলিশ সেখানে গিয়েও কাউকে কাউকে লাঠিপেটা করে।