রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন বিপ্লব (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব রাজশাহী জেলার পুটিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের হযরত প্রামানিকের ছেলে। তিনি মিরপুর ১১ নম্বর সেকশন এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী মেরিনা আক্তার জানান, তার স্বামী মিরপুর ১ নম্বর সেকশনে বাংলালিংক অফিসে বিক্রয় প্রতিনিধির কাজ করত। তিনি আশুলিয়া মানারত বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চতুর্থ বর্ষে পড়াশুনা করতেন।
তিনি আরো জানান, আজ সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশে রওনা হয়। পরে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় পৌঁছালে সেখানেই বিপ্লব সড়ক দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।