রাশিয়ার নেতৃত্বে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে সেনা পাঠাচ্ছে চীন। মহড়ায় আরও অংশ নেবে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও অন্যান্য দেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ মহড়ায় চীনের অংশগ্রহণ চলমান পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে চীন।
ইউক্রেনে ব্যয়বহুল যুদ্ধ চালানোর মধ্যেই গত মাসে মস্কো ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘ভস্তক’ মহড়ার আয়োজনের তথ্য জানায়। তখন মস্কো বলেছিল, মহড়ায় বেশ কিছু দেশের বাহিনী যুক্ত হবে। কিন্তু কোন কোন দেশের তা বলা হয়নি।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে চলমান বার্ষিক সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে তারা মহড়ায় অংশ নেবে। বিবৃতিতে বলা হয়, মহড়ায় অংশ নেওয়ার লক্ষ্য হচ্ছে- এতে অংশ নিতে যাওয়া দেশের বাহিনীগুলোর সঙ্গে বাস্তবিক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করা, কৌশলগত সহযোগিতার মাত্রা বৃদ্ধি এবং নানাবিধ নিরাপত্তা হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা বাড়ানো।