লন্ডনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দল এখন কোথায়, কি অবস্থায় আছে তাৎক্ষণিকভাবে সেটাই জানাতে চেষ্টা করেছি আমরা। লন্ডনে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা হোটেলে নিরাপদেই আছেন বলে জানিয়েছেন বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
রাবিদ ইমাম জানান, দলের প্রতিটি খেলোয়াড় ও সংশ্লিষ্টরা সবাই নিরাপদে আছেন এবং তারা হোটেলেই অবস্থান করছেন। বাংলাদেশ দলের নিয়মিত কার্যসূচিতেও কোন পরিবর্তন আনা হয়নি এখনো।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। শনিবার দিবাগত রাতে লন্ডন ব্রিজ ও বারো মার্কেট এলাকায় হামলার ঘটনায় ১০ জন নিহত হওয়ার পর পুরো লন্ডন জুড়ে কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন সদস্যও এই ঘটনায় গুরুতর আহত হয়েছে। আহত অন্তত ৪৮ জনকে ৫টি হাসপাতালে নেয়ার কথা জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। ঘটনার পর লন্ডন ব্রিজ ও পরে লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ইতোমধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। ব্রিটেনের পুলিশ বলছে লন্ডনে শনিবারের সন্ত্রাসী হামলার এই ঘটনায় এখনও ১০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। একই সাথে সন্দেহভাজন ৩ জন গুলিতে নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছে পুলিশ।