ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে আটকা পড়েছেন বেশ কয়েকজন। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাস্টমস অফিসের পাশে অবস্থিত দেয়ালটি ধসে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
পুলিশ জানায়, দেয়ালের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার এসআই ফরহাদ সাংবাদিকদের জানান, দেয়ালধসের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেয়ালের নিচে অনেকেই চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।