শীতাবস্ত্র বিতরণে উত্তরাঞ্চলে যাচ্ছে আ.লীগ-বিএনপি

0

দেশের উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। শীতবস্ত্র বিতরণে কেন্দ্রের পক্ষ থেকে গঠিত টিম উত্তরাঞ্চলে যাচ্ছে বলে জানানো হয়েছে দল দুইটির পক্ষ থেকে।

বিএনপি ইতোমধ্যে দলীয়ভাবে কম্বলসহ শীতবস্ত্র সংগ্রহের কাজ শুরু করেছে। স্থানীয় নেতাদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেছেন, বিএনপি সব সময় অসহায় ও সাধারণ মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোকে আমরা দায়িত্ব মনে করি। বর্তমানে দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। এতে উত্তরাঞ্চলসহ অনেক এলাকায় মানুষ তীব্র শীতে নিদারুণ কষ্ট ভোগ করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে না।

রিজভী বলেন, কেন্দ্রীয়ভাবে আমাদের কয়েকটি টিম শিগগিরই উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণে বের হবেন।

অপরদিকে, উত্তরবঙ্গে শীতার্তদের জন্য কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার শীতার্তদের জন্য কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন দলের নেতারা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী এবং ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.