করোনা বিধি ভেঙে সহকর্মীকে চুমু খাওয়ার ঘটনায় সমালোচনার মুখে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন । একই দিন তার জায়গায় নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাজিদ জাভিদ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।
স্থানীয় সময় গতকাল শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদের নাম জানানো হয়। চাপের মুখে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, তিনি মানুষকে হতাশ করেছেন।
এই ঘটনার পর যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। তার অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে লেবার পার্টি।