সহায়ক সরকারের দাবি পূরণ হলেই নির্বাচনের মাঠ সমতল হবে- রিজভী

0

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি পূরণ হলেই নির্বাচনের মাঠ সমতল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু নির্বাচন কমিশন এবং সরকার সে দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

রিজভী আরো বলেছেন, জাতীয় নির্বাচনে সব দলকে সমান সুযোগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু সিইসির বক্তব্য ও আচরণে মনে হচ্ছে না তিনি অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী। তিনি মালিক পক্ষের অনুগত থেকে স্বার্থ রক্ষা করতেই যেন উঠেপড়ে লেগেছেন।

শনিবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল যে অনাচার শুরু করেছে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ। প্রধানমন্ত্রী সরকারি খরচে হেলিকপ্টারে দেশের বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন, আর কমিশন দেখেও না দেখার ভান করছে।’

সবদলের অংশগ্রহণের জন্য নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে সিইসির দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তাহলে কী কমিশন একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে? যদি তাই হয় নির্বাচন নির্বাচন জিকিরের তো দরকার নেই। শিডিউল ঘোষণা করে পরের দিনেই ক্ষমতাসীন দলকে বিজয়ী ঘোষণা করলেই পারেন।’

‘প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার দুর্বিনীত দুঃশাসনকে প্রলম্বিত করতে ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশে চরম অরাজকতা তৈরি হবে। আর এজন্য দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।’ যোগ করেন রুহুল কবীর রিজভী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.