সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই, কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।
তিনি বলেন, বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে। আমাদের ছাত্র ভাইদেরকেও আমরা অনুরোধ করবো, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে যাতে সমস্যাটার সমাধান হয়, ওইদিকে যেতে হবে।
রাস্তা আটকে আন্দোলন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করলে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়েন।