সাদার্ন ইউনিভার্সিটি ও চট্টগ্রাম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট’র(সিএলআই) যৌথ উদ্যোগে “কবিতা আবৃত্তি ও সাহিত্য আড্ডা” আজ রোববার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ইউনিভাসিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন ইউনিভার্সিটির একাডেমিক এডভাইজার ড. মার্ক বার্থোলোমিউ’র পরিকল্পনা ও তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, অনুবাদক, গবেষক প্রফেসর ড. কায়সার হক । এসময় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ, সাদার্ন, কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্বদ্যিালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কবি প্রফেসর কায়সার হক ‘পাবলিশড ইন দ্য স্ট্রিটস অব ঢাকা’ নামে তাঁর কবিতার বই থেকে বেশ কিছু কবিতা নিজেই আবৃত্তি করে শুনান। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতা নিয়ে আমার কবিতা। বর্হিবিশ্বে দেশের সাহিত্যকে তুলে ধরতে হলে ইংরেজি ভাষার চর্চার উপর গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ওয়েড অন দ্য লুঙ্গিসহ তাঁর বেশ কিছু কবিতার বিষয়বস্তু সম্পর্কে দর্শকদের ধারণা দেন। এর পর সাক্ষাৎকার অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের আলোকে নিজের মত ব্যক্ত করেন। অনুষ্ঠানে কায়সার হক ইংরেজি সাহিত্যের ইতিহাস, উৎপত্তি নিয়ে গবেষণালব্ধ আলোচনা করেন।
ড. মার্ক বার্থোলোমিউ’র আমন্ত্রণে সাদার্ন ইউনিভার্সিটির সাহিত্য আড্ডায় যোগ দেন কবি কায়সার হক। তিনি মূলত কবি, অনুবাদক, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক ও শিক্ষক। লেখালেখির জন্য ইংরেজি মাধ্যমকে বেছে নিয়েছেন। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে এবং অধ্যাপনা করেছেন একই বিভাগে। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পিএইডি করেছেন। ইংরেজিতে কবিতা লিখলেও বাংলাদেশি কবি হিসেবে পরিচিত ও প্রশংসিত কায়সার হক। তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ৯টি। কবিতা ছাড়াও ফিকশন ও নন-ফিকশনাল কিছু বইয়ের অনুবাদও করেছেন তিনি। ঢাকা লিট ফেস্টে প্রদর্শিত হয়েছে তাঁর কবিতার বই।