সিরিয়ায় আইএসের হেডকোয়ার্টার ও কমান্ড কন্ট্রোল সেন্টারে মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ১৫০ সদস্য নিহত হয়েছে। গত শনিবার পূর্ব সিরিয়ার আল সাফাহ শহরের কাছে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
গত শনিবার এ হামলা চালানো হলেও হতাহতের খবর দেরিতে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।
শনিবার সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর সহায়তায় মার্কিন নেতৃত্বাধীন জোট পূর্ব সিরিয়ার আল সাফাহ শহরের কাছে আইএসের সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালায়।
আইএস সাধারণত এত সদস্য একত্রে জড় হয় না। তবে কোনো কারণে সেদিন ওই স্থানে বহু সংখ্যক আইএস সদস্য জমায়েত হয়েছিল বলে জানা যায়।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে একাধিক গোয়েন্দা বিভাগের নজরদারির পর তাদের সমাবেশের হদিস পায় মার্কিন বাহিনী। এরপর সেই বিমান হামলা চালানো হয়।
মার্কিন মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে জানা গেছে।
এদিকে আফরিনে তুর্কি অভিযানের সঙ্গে আইএস বিরোধী জোট পরিচালনার কোনো সম্পর্ক নেই বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। এ অভিযানে মার্কিন এফ/এ-১৮ জেট ও ড্রোন ব্যবহৃত হয়েছে।
সূত্র : সিএনএন