আজ আকাশ খুব পরিস্কার, চারদিকে পাখির ডাক, শীতল হাওয়া ও বইছে। ভাবলাম একটু বাহিরে যাই। ঘরে আর ভালো লাগছে না। আমাদের বাড়ির পাশের বাগানে একটি বিশাল পেয়ারা গাছ আছে। ওখানে বেশ ছায়া। ভাবলাম ওখানে যাই। গাছের নিচে বসতেই উপর থেকে কেমন যেন টুকুস টুকুস শব্দ আসছে কানে। শব্দটা কোথা থেকে আসছে ভেবে উপরে তাকাতেই খেয়াল করলাম, সবুজ রঙের অদ্ভূত সুন্দর এক তোতা পাখি। মনের আনন্দে একটি পেয়ারাতে ঠোকর দিয়ে দিয়ে খাচ্ছে। কিছুক্ষণ পর তোতাটি বলে উঠল, “আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন ভাই?” আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম,” তুমি তো একটি তোতা পাখি, তুমি কি ভাবে কথা বলছো?” তোতা টি তার আধ খাওয়া পেয়ারাটি রেখে ডানা ঝাপটে উড়ে এসে আমার পাশে বসল। আমি প্রথম দিকে একটু ভয় পেলেও পরে বুঝলাম তোতাটি আমায় কিছু বলতে চায়। আমি বললাম,” একি! তুমি পেয়ারা না খেয়ে চলে এলে যে?” তোতা টি বিষন্ন মুখে আমায় বলল,” জানো, আজকাল গাছের ফল খেতে আর ভালো লাগেনা, আগের মত আর সেই স্বাদ পাইনা।” আমি জিজ্ঞেস করলাম,” কেন? গাছের ফলের আবার কি হলো?” তোতা টি বলল,” তুমি তো মাঝে মাঝেই এই বাগানে এসে বস। খেয়াল করনি কখনো? মালি চাচা এসে গাছের গোড়ায় কি যেন ছিটিয়ে দিয়ে যায়, তোমাদের ভাষায় ওগুলোকে কি বলে যেন?” আমি বললাম”, তুমি কি সারের কথা বলছো? ওগুলো তো দেয় ফলের স্বাদ বাড়ানোর জন্য।”পাখিটি বলল,” স্বাদ বাড়ানো না ছাই! যদি তাই হতো তাহলে কি আমি আর পেয়ারা না খেয়ে চলে আসি, জানো, আজকাল আকাশেও উড়তে ইচ্ছে করে না।” আমি হকচকিয়ে গিয়ে বললাম,” কেন কেন! আকাশে আবার কি হলো?” পাখি টি বিরক্তির সাথে বলল,” তুমি তো দেখছি কিছুই খবর রাখনা বাপু। আমার যে দম আটকে আসে, বুক ভার হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ডানা গুলো যেন বটে বটে আসে,চোখেও যেন ঝাপসা দেখি। দৈত্যের মতো দালান গুলো থেকে বের হওয়া কালো ধোঁয়া যেন নীল আকাশে মুহূর্তেই গ্ৰাস করছে। প্রতিদিন গাছ কেটে নষ্ট করছ তিল তিল করে গড়ে তোলা আমাদের বাসা।কী এমন ক্ষতি হয় বনে সবুজ গাছ থাকলে?” এই বলে সে ডানা ঝাপটে উড়ে গেল। হঠাৎ মর-মর শব্দে ঘুম ভেঙ্গে গেল। শুনে বুঝলাম শব্দটি বাগান থেকে আসছে। দৌড়ে বাগানে গিয়ে দেখলাম, কিছু লোক পেয়ারা গাছটি কেটে টেনে হিছঁড়ে গাড়িতে তুলেছে।আর মাটিতে পড়ে আছে কয়েকটি সবুজ পালক।
সেই দিন রাতেই স্বপ্নে দেখি সে বলছে —-
বাঁচতে দিলে না এই সুন্দর সবুজ পৃথিবীতে,
তোমারা কি পারনা আমার সবুজ পৃথিবী
আমার করে রেখে যেতে???….
জান্নাতুল মাওয়া তালবিয়া
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
অষ্টম শ্রেণী