Monday, September 21

সোনালী রূপালী জনতার নিয়োগ পরীক্ষায় বাধা নেই

0

রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের তিন পদে নিয়োগের কার্যক্রম বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন; সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও মির্জা সুলতান আল রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ফলে ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ওই তিন ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহামুদ হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে গত রবিবার গতবছর দেওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। গত বছরের বিভিন্ন সময় রাষ্ট্রয়ত্ত আটটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেয়।

সোনালী ব্যাংকের কর্মকর্তা ও ক্যাশ কর্মকর্তার ৭০১টি শূন্য পদে ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বছরের ২৬ জুলাই রূপালী ব্যাংকে ৪২৩টি শূন্য পদে সিনয়র অফিসার ও ৩ আগস্ট জনতা ব্যাংকের ৭৩৬টি শূন্য পদে অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সর্বশেষ গত বছরের ৭ সেপ্টেম্বর দুই হাজার ২৪৬টি কর্মকর্তা (ক্যাশ) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। নিয়োগ পরীক্ষার জন্য তারিখ রাখা হয় ১২ জানুয়ারি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.