স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন পরিচালনায় অভিন্ন আইন করতে যাচ্ছে ইসি

0

স্থানীয় সরকার পর্যায়ের সব প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনায় অভিন্ন আইন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের নির্বাচন অভিন্ন আইনে করতে ইসি সচিবালয় আইনের খসড়া চূড়ান্ত করেছে।

‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন-২০২০’ শীর্ষক খসড়া আইনে প্রতিষ্ঠানের নাম ও নির্বাহীদের পদবি বদলের প্রস্তাব করা হয়েছে। সিটি কর্পোরেশনের নাম বদলে ‘মহানগর সভা’ রাখা হয়েছে। একইভাবে পৌরসভার নাম ‘নগরসভা’ ও ইউনিয়ন পরিষদের নাম ‘পল্লী পরিষদ’ রাখা হয়েছে। মেয়র ও চেয়ারম্যানদের পদবিও বদল করা হচ্ছে।ইসি সূত্র জানায়, খসড়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব নির্বাচনে একই বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইন ও বিধিমালা সমন্বয়ে এ নতুন আইনের খসড়া করা হয়েছে। এতে সব প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বিধান থাকছে।নির্দিষ্ট সময়ে কোনো নির্বাচন না হলে ভোটের তারিখ নির্ধারণ করার ক্ষমতা ইসির হাতে রাখা হয়েছে। বর্তমানে নির্দিষ্ট সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন না হলে করণীয় সম্পর্কে স্পষ্ট বিধান নেই।অভিন্ন নির্বাচন আইন প্রণয়ন প্রসঙ্গে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর যুগান্তরকে বলেন, বর্তমানে একেক প্রতিষ্ঠানের নির্বাচনে একেক ধরনের আইন আছে। আমরা স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনায় একই ধরনের আইন করতে যাচ্ছি। এতে বিদ্যমান আইন ও বিধির সমন্বয় ঘটানো হচ্ছে। প্রতিষ্ঠানের নাম ও পদবি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, অনেক ইংরেজি নামের বাংলা অনুবাদ করা হয়েছে। এ কারণে নামে পরিবর্তন আনার প্রস্তাব করা হচ্ছে। এসব নাম ও পদবি সংসদেই চূড়ান্ত হবে।খসড়া প্রণয়নের সঙ্গে যুক্ত ইসির এক কর্মকর্তা বলেন, কমিশনের একান্ত আগ্রহে এ খসড়া তৈরি করা হয়েছে। এটি পরিবর্তন ও পরিমার্জনের জন্য একজন কনসালট্যান্ট নিয়োগে প্রক্রিয়া চলছে। সোমবার খসড়া আইনটি কমিশন সভায় অনুমোদনের জন্য তোলা হবে। কমিশন সভা থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী পরবর্তী সময়ে পদক্ষেপ নেয়া হবে। তিনি আরও বলেন, এ আইন পাস হলে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের আইনের সংশোধনী আনার প্রয়োজন হবে। ওই সংশোধনগুলো করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.