শাকিব খান-বিদ্যা সিনহা মিম জুটির নতুন ছবি ‘আমি নেতা হবো’ আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ছবিটি মুক্তি দেয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ছবিটি ১৫০ হলে মুক্তি দেবেন বলে কালের কণ্ঠকে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
একইদিন ‘নূরজাহান’ নামের আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন। পরিচালনা করছেন রাজের সহকারি ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। প্রথমে যৌথ প্রযোজনার ছবি হিসেবে কাজ শুরু করলেও পরে আমদানি ছবি হিসেবে এটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হবো সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে। এই ছবিতে শাকিব খানকে একজন নেতা হিসেবে দেখা যাবে।
সেলিম খান বলেন, আমরা ছবিটি ১৫০ হলে মুক্তি দেবো। ইতোমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আর যেসব প্রস্তুতি নেওয়ার দরকার সেসব প্রস্তুতি নিচ্ছে আমার লোকজন। দর্শকরা শাকিব খানকে নতুনভাবে দেখবে এই ছবিতে।
১৫০ টি হল এই ছবির জন্য বরাদ্দ পাওয়া যাবে কি না- এমন প্রশ্নের জবাবে সেলিম খান বলেন, ‘আমি নেতা হবো’ ছবিটি এ বছরের শাকিব খানের প্রথম ছবি। এছাড়া শাপলা মিডিয়ারও প্রথম প্রযোজনা। স্বাভাবিকভাবেই আমরা ১৫০ টি হলে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। প্রস্তুতিও নিয়েছি।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে।
‘আমি নেতা হবো’ ছবিটির মাধ্যমে দীর্ঘ আট বছর পর ফের জুটি হিসেবে ফিরছেন শাকিব ও মিম। শাকিব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজনীতি’ ও ‘নবাব’। এ বছর মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘ইয়েতির অভিযান’। এছাড়াও তার ‘পাষাণ’ নামের একটি সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।