১-১১ থেকে আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে: ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক-এগারো থেকে আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে। বিএনপির কারণে এ ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকলেও এটা আর হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন,বিএনপি তার বর্তমান অবস্থা জেনে গেছে। নির্বাচনের আগে সারা দেশে আওয়ামী লীগের জোয়ার দেখে বিএনপি বুঝতে পেরেছে, আগামী নির্বাচনে তাদের পরিণতি কী হবে।

তিনি আরও বলেন, বিএনপি ভোট পাওয়ার মতো কোনো কাজ করেনি। তাই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বিএনপির সেই দুরভিসন্ধি বাস্তবায়ন করতে দেবে না,বাংলাদেশে আর এক-এগারোর পুনরাবৃত্তি ঘটানো যাবে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন,প্রার্থী ঘোষণার আগে কেউ প্রার্থী নন। অনেকে নিজের মতো করে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। অনেকে এখনো দেখা করছেন। এতে প্রমাণিত হয় না যে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তবে আতিকুল ইসলাম দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সে সময় সভানেত্রী তাকে কাজ করার কথা বলেছেন,সিদ্ধান্ত জানাননি।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কে হবেন, সে বিষয়ে আগামী ১৬ জানুয়ারি মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.