Tuesday, September 22

৬ মাসের মধ্যে ১৩৯ বন্দির বিচারে হাইকোর্টের নির্দেশ

0

দেশের বিভিন্ন কারাগারে সাত বছরের ঊর্ধ্বে বিনাবিচারে আটক ১৩৯ জনের বিচার কাজ আগামী ৩১শে আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আদালতের এই নির্দেশ কতটা বাস্তবায়ন হয়েছে তারও একটি প্রতিবেদন দিতে বলেছেন। এ সব মামলায় কোনো তদন্তকারী কর্মকর্তা সাক্ষী আনতে ব্যর্থ হলে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন।

সাত বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর কারা কর্তৃপক্ষকে চিঠি দেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড।
এ চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠায়। সে তালিকা থেকে যাচাই-বাছায়ের পর রোববার ১৩৯ কারাবন্দির বন্দিদশা নজরে আনে লিগ্যাল এইড।

লিগ্যাল এইডের পক্ষে এক আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে।
পরে আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, আটটি বিভাগের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১৩৯ জনের একটি তালিকা করা হয়েছে। যাতে দেখা গেছে, কেউ সাত বছর, কেউ ১০ বছর ধরে বন্দি রয়েছেন। তাদের বিচারকাজ শুরু হয়নি।
লিগ্যাল এইড থেকে পাওয়া তালিকা অনুযায়ী ঢাকা বিভাগে সাত বছরের বেশি সময় ধরে কারাবন্দি ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ০১ জন, খুলনা বিভাগে ০৫ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ০৮ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.