লিবিয়ায় জরুরি অবস্থা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

0

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ওইসব এলাকায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
এমন পরিস্থিতিতে লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন এবং সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লিবিয়ায় আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে দেশটির সরকার জরুরি সতর্কতা বা স্টেট অব অ্যালার্ট ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থানের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.