হাজার হাজার টন মরা মাছ ভেসে এসেছে উত্তর জাপানের সমুদ্র সৈকতে । বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে মাছগুলো ভেসে আসতে শুরু করে। প্রতিবেদনে জানানো হয়েছে, জাপানের হাকোডেট দ্বীপের সৈকতের প্রায় আধা মাইলজুড়ে মাছগুলো ছড়িয়ে পড়েছে।
কী কারণে মাছগুলো মরে সৈকতে ভেসে এসেছে, তার কারণ এখনও জানা যায়নি ।মাছ ব্যবসায়ীরা বাসিন্দাদের এ মাছ না খাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফুকুশিমা পারমাণবিক প্লান্টের তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলার কারণে এমনটি হতে পারে।
হাকোডেট মাছ গবেষণা প্রতিষ্ঠানের গবেষক তাকাসি ফুজিওকা বলেন, এ ধরনের ঘটনা আমি আগে শুনেছি, কিন্তু কখনও চোখে দেখেননি। এবারই প্রথম এমন ঘটনার সম্মুখীন হলাম।
ফুজিওকা ধারণা করছেন, একটি বড় মাছের তাড়া খেয়ে মাছগুলো ঢেউয়ের মধ্যে পড়ে মারা গেছে। অন্য একটি কারণ হতে পারে মাছগুলো হয়তো অধিক ঠান্ডা পানির মধ্যে প্রবেশ করেছিল। তবে এগুলো সবই ধারণা। ফুজিওকা বলেন, মাছগুলো মরে যাওয়ার প্রকৃত কারণ আমাদের অজানা। তাই আমি এগুলো না খাওয়ার আহ্বান জানাব। মাছগুলো সৈকতে ভেসে আসার পর কর্তৃপক্ষ সেগুলো সরানোর কাজ করছে।
চলতি বছরের অক্টোবরে জাপান দ্বিতীয়বারের মতো তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলে। মাছ মরার কারণ এই তেজস্ক্রিয় পদার্থ হতে পারে ।