যৌথ পানি পর্যবেক্ষণ শুরু ভারত বাংলাদেশের মধ্যে

0

বুধবার সকাল ৯টায় পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট ও ভারতের গঙ্গার ফারাক্কা পয়েন্টে দুদেশের প্রতিনিধি দল বাংলাদেশ-ভারত পানি চুক্তি অনুযায়ী দুদেশের পদ্মা ও গঙ্গায় যৌথভাবে পানি পর্যবেক্ষণ শুরু করেন।

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে কর্তব্যরত উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জানান, গতকাল মঙ্গলবার ঢাকা থেকে ভারতের দুই সদস্য এবং বাংলাদেশের তিন সদস্যের পর্যবেক্ষণ টিম ভেড়ামারা পাউবির রেস্ট হাউসে অবস্থান করছেন। ভারতীয় টিমের কর্মকর্তারা হলেন- ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের নির্বাহী প্রকৌশলী মুক্তালিও ফাংলিন ও সহ-পরিচালক রিতেশ কুমার।

তিন সদস্যের বাংলাদেশ টিমে রয়েছেন- উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন। ১৯৯৬ সালে বাংলাদেশ-ভারত যৌথ পানি চুক্তির পর থেকে প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত এ পর্যবেক্ষণ চলে। এ বছরও পর্যবেক্ষণ শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী যৌথ নদী কমিশনের কর্মকর্তারা ভারতের ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি পর্যবেক্ষণ করেন। অন্যদিকে বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে একইভাবে পর্যবেক্ষণ চলবে।

উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস জানান, চলতি বছর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ গত বছরের তুলনায় কিছুটা বেশি। গত বছর এ সময়ে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ ছিল ৭৮ হাজার ৫শ’ কিউসেক। গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ হাজার কিউসেক।

চুক্তির শর্ত অনুযায়ী, প্রথম ১০ দিন ফারাক্কায় ৭০ হাজার কিউসেক বা তার কম পানির প্রবাহ থাকলে বাংলাদেশ ও ভারত উভয়েই ৫০ শতাংশ করে পানি পাবে। দ্বিতীয় ১০ দিন, ফারাক্কা পয়েন্টে ৭০ হাজার কিউসেক পানিপ্রবাহ থাকলে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি পাবে। তৃতীয় ১০ দিন ফারাক্কা পয়েন্টে ৭৫ হাজার কিউসেক বা তার বেশি পানিপ্রবাহ থাকলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক পানি, বাকিটা পাবে বাংলাদেশ।

তবে চুক্তির শর্ত অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত উভয় দেশ ৩ দফা ১০ দিনের হিসাবের ক্রমানুসারে ৩৫ হাজার কিউসেক করে পানি পাবে। বছর শেষে ৩০ ডিসেম্বর সকালে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৫ দশমিক ৮৫ সেন্টিমিটার। গত বছর এদিনে ছিল ৫ দশমিক ৬২ সেন্টিমিটার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.