বান্দরবান প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ি উপজেলা মিয়ানমার সীমান্তে অভ্যন্তরে পণ্য ও গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে তরিকুল ইসলাম (১৮) নামের এক বাংলাদেশী যুবকের বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মিয়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী এলাকার মিয়ানমার সীমান্তের ওপারে এ দূর্ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম কক্সবাজার রামু মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার করে আসছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে অবৈধ গরু। এর ধারাবাহিকতায় আহত তরিকুলসহ আরও অনেকে সীমান্তের ৪৮নং সীমান্ত পিলার পয়েন্টে গেলে মাইন বিস্ফোরিত হয়। এতে আহত হয় তরিকুল ইসলাম। পরে তাঁর সঙ্গে থাকা স্থানীয়র আহত তরিকুলকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মিয়ানমার সীমান্তে শূন্যরেখার ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশী একজন আহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মাইন বিস্ফোরণে তরিকুল ইসলাম নামের একজনের আহত হওয়ার খবর শুনেছি। মাইন বিস্ফোরণটি মিয়ানমার সীমান্তের ওপারে হয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।
উল্লেখ্য যে, এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ কালে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের আলী হোসেন (৩৬), রাশেদুল ইসলাম রাসেল (২৫) ও আরিফ উল্লাহ (৩২) নামে তিনজন আহত হয়।