আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

0

২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের বাকি দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন ও আলতাফ হোসেন।

প্রতিনিধিদলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ আমাদের বৈঠকের কথা আছে। বৈঠক হোক, পরে এ বিষয়ে কথা বলবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।’

এর আগে গত শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোটসহ সরকারের সঙ্গে থাকা দলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়। কিন্তু বিএনপি সমাবেশের অনুমতি চাইলে নানা অজুহাতে অনুমতি দেওয়া হচ্ছে না। তাই আশা করি, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি দেখবেন।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চের জনসভার আয়োজন করেছে দলটি। একই দাবিতে গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। তবে তিনবারই বিএনপিকে অনুমতি দেয়নি পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.