সৌদির উদ্দেশে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটের যাত্রা

0

৪১৯ জন হজযাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ আজ শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে। হজের শেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে আগামী ১৫ আগস্ট।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে ফ্লাইট উদ্বোধন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হজযাত্রীদের বিদায় জানান।

এ সময় বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ, পরিচালক প্রশাসন মোমিনুল ইসলাম, ফ্লাইট অপারেশন পরিচালক ফারহাত হাসান জামিল, গ্রাহকসেবা পরিচালক আলি আহসান বাবু, মার্কেটিং অ্যান্ড সেলস পরিচালক আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া আজ শনিবার বিমান বাংলাদেশের হজ ফ্লাইট বিজি-৩০১১ সকাল ১১টা ৫৫ মিনিটে, বিজি-৫০১১ বিকেল ৩টা ৫৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনা করতে শাহজালাল বিমান বন্দরের পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথাক্রমে ৯টি ও ৩টি হজ ফ্লাইট পরিচালিত হবে।

এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। এসব হজযাত্রীর ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আগামী ২৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ের বিভিন্ন ফ্লাইটে এখনও প্রায় ১২ হাজার হজ টিকিট অবিক্রিত রয়েছে। এবিষয়ে বিমানের পক্ষ থেকে সকল হজ এজেন্সিকে হজযাত্রীদের দ্রুত টিকেট সংগ্রহের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ বছর বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। প্রথমবারের মতো হজযাত্রীদের টিকিট ক্রয় করার পর যাত্রার তারিখ পরিবর্তনে ১০০ মার্কিন ডলার বা সমপরিমাণ টাকা এবং যাত্রা বাতিলের ক্ষেত্রে ২০০ মার্কিন ডলার বা সমপরিমাণ টাকার বাড়তি মাসুল আদায়ের বিধান চালু করা হয়েছে। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.