গতকাল বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
কুমিল্লা, মাগুরা, ফেনী, বাগেরহাট, গোপালগঞ্জ, জামালপুর, নাটোরসহ দেশের বেশ কয়েকটি জেলার আকাশে গতকাল সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের দ্বিন-দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। সভায় ধর্মমন্ত্রী জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল দেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আজ বৃহস্পতিবার জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২ সেপ্টেম্বর ১০ জিলহজ পালিত হবে মুসলমানদের
অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ১, ২ ও ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। ঈদে ছুটি আরো তিন দিন বাড়িয়ে ছয় দিন করার বিষয়টি আলোচিত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
ওদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ওই সব দেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে ১ সেপ্টেম্বর। আর পবিত্র হজ পালিত হবে আগামী বৃহস্পতিবার। পরদিন শুক্রবার সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।