আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন, বেসরকারি টিভি ও রেডিও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খ্রিষ্টধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন।
গতকাল সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় বড় দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রমনার কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের গির্জাসহ সব গির্জায় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হোটেল সোনারগাঁও, দ্য ওয়েস্টিন, রেডিসনসহ নামীদামী তারকা হোটেলগুলোতে আনন্দমুখর প্রস্তুতি। কাকরাইলের রমনা সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চ ও মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা গির্জার ভেতরে ও বাইরে নানা রঙের বেলুন, নকশা করা ককশিট, রঙিন কাগজ, জড়ি ও ফুল দিয়ে সাজানো হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে কৃত্রিম ‘ক্রিসমাস ট্রি’। গির্জা প্রাঙ্গণে থাকা গাছে ঝোলানো হয়েছে রং-বেরঙের বাতি। গির্জার মূল ফটকের বাইরে মেলা বসেছে। মেলার দোকানগুলোতে বড়দিন ও ইংরেজি নতুন বছরের কার্ড, নানা রঙের মোমবাতি, সান্তা ক্লজের টুপি, জপমালা, ক্রিসমাস ট্রি, যিশু-মরিয়ম-যোসেফের মূর্তিসহ নানা জিনিস বিক্রি হচ্ছে। দ্য ওয়েস্টিন হোটেলে বড়দিনে থাকছে শিশুদের জন্য বিশেষ আয়োজন। আজ সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে থাকবে বিনোদনের হরেক রকম ব্যবস্থা। টিকিটের মূল্য পড়বে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা। শেরাটন হোটেলে কিডস পার্টি হবে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোটেলটির আলফ্রেস্কো লেভেল ১৪-এ আয়োজিত হবে এই অনুষ্ঠান।
বড়দিনে সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-৩/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকাফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে পবিত্র বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।