আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি : বিশ্বব্যাপী মরনব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের ওরশের আনুষ্টানিকতাসহ সমস্ত কর্মসূচী বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।
তিনি আরো জানান, দরবারে সব ধরনের বাধ্যযন্ত্র বাজানো বন্ধ থাকবে এবং কোন অবস্থাতেই যেন জনসমাগম না হয় সে জন্য ওয়াজ-মাহফিল, সেমা মাহফিল করা যাবে না। তিনি মাইজভাণ্ডারী সকল ভক্তবৃন্দদের ঘরে থেকে অলিদের মাজার জিয়ারত করার মাধ্যমে মরনব্যাধী করোনা থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেও বলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে প্রশাসনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্ত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইলিয়াছ চৌধুরী, বিটিএফ এর যুগ্ন মহাসচিব আলহাজ্ব তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, ভূজপুর থানা অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহসহ আরো অনেকে।