ঢাকা উত্তর সিটিতে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত বিএনপির

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেবে ২০ দলীয় জোট। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জোট প্রধান বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ঢাকা উত্তর সিটি নির্বাচন। এতে জোটগতভাবে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে এক নেতা জানান, উত্তর সিটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, শিডিউল প্রকাশের আগে অনেকেই মনোনয়নপ্রত্যাশী হতে পারে। তবে জোট প্রধান বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যে প্রার্থী মনোনয়ন দেবেন, তার পক্ষেই জোটের শরিক হিসেবে জামায়াতে ইসলামী কাজ করবে।
বৈঠকে চলতি মাসে একটি আইনজীবী সমাবেশ ও আরেকটি আলেম-ওলামা সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ-ভাসানী আজহারুল ইসলাম, জমিয়তে উলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডেমোক্র্যাটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) মঞ্জুর হোসেন ঈসা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.