দুগ্ধপোষ্য মায়ের রোজার বিধান

0

ইসলাম সব মানুষের সুবিধা অসুবিধার দিকে সজাগ দৃষ্টি রাখে। কারো সামান্য পরিমাণ কষ্ট হোক এটা ইসলাম চায় না। সে জন্য ইসলাম মানুষকে যে কোন বিধানের ক্ষেত্রে বিশেষ বিশেষ ছাড় দিয়ে থাকে। আল্লাহ তায়ালা বলেছেন:
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
অর্থাৎ, আল্লাহ তায়ালা কারও সাধ্যের বাইরে কোন কিছু চাপিয়ে দেন না। (সুরা বাকারা: ২৮৬)
সকল ইসলামিক স্কলার একমত যে, দুগ্ধদানকারিনী মাতা যদি মনে করেন, রোজা রাখলে সন্তানের ক্ষতি হতে পারে অথবা নিজের অধিক কষ্ট হতে পারে তাহলে, গর্ভবতী কিংবা দুগ্ধদানকারিনী মাতা রোজার মাসে রোজা না রেখে তা পরে কাজা করতে পারবেন এবং এটা বৈধ। (আইসারুত তাফসীর, তুহফাতুল আহওয়াজি দ্রষ্টব্য)
তিরমীজি ও মুসনাদে আহমাদে এসেছে-
إن الله تعالى وضع عن المسافر الصوم وشطر الصلاة وعن الحامل أو المرضع الصوم أو الصيام

অর্থাৎ, রাসুল (সাঃ) বলেছেন: নিশ্চয় আল্লাহ তায়ালা মুসাফিরের (ভ্রমণকারী) জন্য নামাজ ও রোজায় ছাড় দিয়েছেন, আর তেমনি গর্ভবতী ও দুগ্ধদানকারীনীকেও রোজায় ছাড় দিয়েছেন। (তিরমীজি, মুসনাদে আহমাদ, আবু দাউদ)
সন্তান যদি ছোট হয় এবং মাতা রোজা রাখলে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে, যখন তার ক্ষতি হওয়ার আর কোন সম্ভাবনা থাকবে না ততদিন পর্যন্ত মায়ের উচিত হবে রোজা না রাখা। আর তখন রোজা না রাখাই উত্তম বলে ইসলামিক স্কলাররা বলে থাকেন। তবে, কিছু কিছু স্কলার আরও বাড়িয়ে বলেছেন যে, নবজাতক সন্তানের ক্ষতি হওয়ার আশংকা থাকলে মায়ের রোজা রাখা হারাম।

সন্তানের অথবা নিজের ক্ষতি হওয়ার কোন আশংকা না থাকলে রোজা রাখাতেও কোন সমস্যা নেই। আল্লাহ তায়ালা চান মানুষের কাছে তার বিধানকে সহজ করতে। আল্লাহ তায়ালা বলেন:

يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
অর্থাৎ, আল্লাহ তায়ালা তোমাদের জন্য তার দ্বীনকে সহজ করতে চান; তোমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না। (সুরা বাকারাঃ ১৮৫)
উল্লেখ্য যে, হায়েজ ও নেফাসের সময় নামাজ পড়া কিংবা রোজা রাখা নিষিদ্ধ। তবে, পরে সে রোজা কাজা করতে হবে। নামাজ কাজা করা লাগবে না।

এমতাবস্থায় তারাবির নামাজ তৃপ্তির সাথে যতটুকু পারবেন ততটুকু পড়বেন সেটা ৮রাকাত থেকে শুরু করে যতটুকু পারেন আর অধিক কষ্ট হলে শুধু ঈশার নামাজ পড়লেই চলবে।
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন

লেখকঃ ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.