বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পূর্ণ শঙ্কামুক্ত। আগামীকাল মঙ্গলবারই তিনি হাসপাতালের ছাড়পত্র পাবেন। চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতারা এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ। তিনি জানান, উনি সকালে বাসায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় দুপুর ১২টার দিকে দ্রুত হাসপাতালে আনা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনউজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শুভ আরও জানান, তিনি একিউট করোনারি সিনড্রোম রোগে ভুগছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পারিবারিক সূ্ত্র জানিয়েছে, ফখরুলের মা ফাতিমা আমিনও বার্ধক্যজনিত অসুস্থতায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার তাকে দেখতে যাবার কথা ছিল। তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
এর আগে ২০১৬ সালে মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েক দফা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন।