বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে পৌর এলাকা রূম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে বনরুপা পাড়া ২ নম্বর গলি পার্থ মিত্রদের ভাড়া বাসায় সন্তান এবং স্বামী সৌরভ কুমার সহ বসবাস করে আসছিল। রাতে স্বামী ও দুই সন্তান একসঙ্গে ঘুমালেও রুম্পা আলাদা কক্ষে ছিলেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে রূম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা কারণ এখনও জানা যায়নি। আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।