মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৫

0

আফ্রিকার দেশ মাদাগাস্কারে পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। বুধবার দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে ঘটনাটি ঘটে। সেখানে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান চলছিল।
মাদাগাস্কারের আধাসামরিক বাহিনীর সচিব জেনারেল রিচার্ড রাভালোমানানা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, সামরিক কুচকাওয়াজ শেষে লোকজন স্টেডিয়াম ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ ফটকগুলো আটকে রাখলে এ ঘটনা ঘটে।
তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা জানান, কী কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, লোকজন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। তখন কর্তৃপক্ষ শুধু ছোট একটি দরজা খুলে রেখেছিল। ফলে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক আরেকটি বার্তা সংস্থা জানিয়েছে, কুচকাওয়াজ শেষে নিরাপত্তা কর্মকর্তারা ফটক খুলে দিয়ে দর্শকদের চলে যাওয়ার সুযোগ দিয়েছিল।
কিন্তু কয়েকটি ফটক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে পুলিশ ভিড় আটকে রাখে এবং এ সময়ই পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

যোশেফ রাভোয়াহাঙ্গি আন্দ্রিয়ানাভালোনা হাসপাতাল জানিয়েছে, নিহত ১৬ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এতে তিন শিশুও রয়েছে, যারা বাবা মায়ের সঙ্গে কনসার্ট দেখার জন্য এসেছিল।

দেশটির প্রেসিডেন্ট এন্ড্রি রাজেওলিনা সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন। পরে তিনি হতাহতদের দেখতে হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরেও এ স্টেডিয়ামেই এমন দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.